ইশরাকের শপথ এখন আদালতের রায়ের ওপর নির্ভরশীল

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:১৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এ বিষয়ে এখন সবকিছু নির্ভর করছে আদালতের চূড়ান্ত রায়ের ওপর।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে ২২ মে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন খারিজ হয়ে যাওয়ার পর থেকে স্থানীয় সরকার বিভাগ প্রস্তুতি নিচ্ছিল শপথ অনুষ্ঠান আয়োজনের। তবে সেই প্রক্রিয়া চলার মধ্যেই ২৫ মে ইশরাক হোসেন নিজেই তার আইনজীবীর মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেন।

এছাড়া, পরদিন গতকাল সোমবার একজন নাগরিকের পক্ষে হাইকোর্টের ২২ মে দেওয়া রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়।

ফলে এখন ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন হয়ে পড়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।’

এই আইনি জটিলতার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে ডিএসসিসির মেয়র পদের শপথ অনুষ্ঠান। সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত এ অনিশ্চয়তা দূর হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত