‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় তারুণ্যের সমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও, তার আগেই ঢল নামে দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের।
সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নয়াপল্টনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে বাড়তে রূপ নেয় জনস্রোতে। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ফেস্টুন ও ব্যানার। অনেকেই দলীয় স্লোগান দিতে দিতে নাচ-গানে যোগ করে সমাবেশে নতুন মাত্রা।
নয়াপল্টনের পাশাপাশি ফরিকাপুল, বিজয়নগর, কাকরাইল ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি মোড় ও সড়কজুড়ে জড়ো হয়েছেন সমর্থকরা।
এই যুব সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। আয়োজকদের ভাষ্য, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের অধিকার দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। তাই এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন তারা।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের দুই পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত: ভূমি সচিব
আনিসুল হক ও সালমান এফ রহমানের দু্ইদিনের রিমান্ড