বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের ফর্ম মোটেও ভালো যাচ্ছে না। উইকেট বিলিয়ে দেওয়াই যেন তার কাজ। কালেভদ্রে তার ব্যাটে রান দেখা যায়; সেদিন অবশ্য মুগ্ধ হয়ে লিটনের ব্যাটিং দেখতে হয়। আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে ফর্মহীন লিটনকেই টার্গেট করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।
লাহোরে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালমান আগা জানালেন লিটনকে নিয়ে তার ভাবনার কথা, ‘ওদের অধিনায়ক লিটন দাস বেশ ভালো ব্যাটসম্যান। সে এমন একজন ক্রিকেটার, আমরা চাইব যাকে বেশি রান করতে না দিতে। অধিনায়ক যদি রান না করে, তাহলে ওদের মনোবল কমে যেতে পারে।’
অথচ, সর্বশেষ ৯ ইনিংসে লিটনের কোনো ফিফটি নেই। সর্বশেষ ২৭ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র একবার। ৯৮ ম্যাচ খেলে তার ব্যাটিং গড় মাত্র ২২.৪১, স্ট্রাইক রেট ১২৪.৯২। ফিফটি কেবল ১১টি! তবে লিটনের সামর্থ্যটা জানেন সালমান। তাই লিটনকে তিনি সমীহ করছেন। পাকিস্তান আরও সমীহ করছে বাংলাদেশের পেস আক্রমণকে। যদিও চোটের কারণে এই সিরিজে নেই সবচেয়ে অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ এখন যেভাবে ক্রিকেট খেলছে, ওদের পেস আক্রমণ বেশ ভালো। আগে দেখা যেত, ওদের এক-আধজন ভালো পেসার। এখন ওদের তিন-চার বোলার আছে, যারা বেশ ভালো। কোনো এক বোলারকে আমরা টার্গেট বানাইনি। সবাইকে নিয়েই পরিকল্পনা করেছি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চেষ্টা থাকবে, যে ধরনের ক্রিকেট আমরা খেলতে চাই, তা যেন খেলতে পারি।’
৪০ বছর পর্যন্ত খেলতে চান সালাহ
মিরপুরে ছক্কা খেয়ে মেজাজ হারালেন প্রোটিয়া বোলার, রিপনকে মারতে গেলেন
ঘাম ঝরানো প্রতিজ্ঞায় প্রতি ভোরে শুরু হয় তাসকিনের প্রত্যাবর্তনের মিশন