সিলেট সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:৪৫ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩টি সীমান্ত পথ দিয়ে ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার (২৮ মে) ভোরে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী এই ৬৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের জৈন্তাপুরের ৩টি সীমান্ত এলাকা দিয়ে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। বিজিবির টহল দল তাদেরকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

তিনি আরও জানান, আটককৃতরা বাংলাদেশের নাগরিক। তবে তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। এখন ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশইন করেছে। আটককৃতরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাটের বাসিন্দা। 

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোরে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করে বিএসএফ। ওই সময় শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। দায়িত্বরত বিজিবি সদস্যরা এদেরকে আটক করে। এছাড়া জৈন্তাপুরের ডিবিরি হাওর এলাকা দিয়ে নারী, শিশুসহ আরও ১৬ জনকে পুশইন করে তাদেরকেও আটক করেছে বিজিবি। 

জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার জানান, আটককৃতদের পরিচয় শনাক্ত করেছে বিজিবি। এরা সবাই বাংলাদেশি নাগরিক। তবে তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। সম্প্রতি তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত