আল হিলালে যোগ দেওয়ার কথা ভাবছেন ব্রুনো ফার্নান্দেজ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:১১ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ সৌদি প্রো-লিগের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। আগামী সপ্তাহেই ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন ৩০ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার।

সৌদি ক্লাবটির সঙ্গে ফার্নান্দেজের প্রতিনিধিদের সম্প্রতি আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র। আল হিলাল চায় তাকে শিগগিরই দলে টেনে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে, যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, রেড বুল সালজবুর্গ ও পাচুকার মতো দল।

ম্যানইউ’র এশিয়া সফরে বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। যদিও ব্রুনো এখনো দায়িত্বশীল মনোভাবেই খেলছেন এবং দলের নেতৃত্ব দিচ্ছেন, তবুও নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা দেননি। এতে অনেকেই মনে করছেন, তিনি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।

তবে ক্লাব সূত্রে জানা গেছে, ইউনাইটেড আপাতত বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয়। কোচ রুবেন আমরিম চান ব্রুনো থেকে যাক, তবে ৮০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি পেলে নতুন করে দল গঠনের সুযোগকে গুরুত্ব দিচ্ছেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

ম্যানইউ কোচ বলেন, 'আমরা বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছি। তার পারফরম্যান্স, নেতৃত্ব আর খেলার প্রতি প্যাশনই বলে দেয়, কেন সে অধিনায়ক। কঠিন সময়ে সে দায়িত্ব নেয়—এটাই তার প্রকৃত রূপ।'

গত বছর আগস্টে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা ব্রুনো ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগীদের একজন। তবে আল হিলালের প্রস্তাবে তার বেতন দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

গত মৌসুমে ম্যানইউ’র সর্বোচ্চ ১৯ গোল করা এই মিডফিল্ডার অনেকের মতে দলকে অবনমন থেকে বাঁচিয়েছেন। তবে সাবেক অধিনায়ক রয় কিন তার শৃঙ্খলাজনিত ঘাটতির কারণে তাকে ‘সমস্যার অংশ’ বলেও সমালোচনা করেছেন।

২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে আসার পর এখন পর্যন্ত ম্যানইউ’র হয়ে ২৯০ ম্যাচে ৯৮ গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত