জামালপুর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেক্ট্রিশিয়ানের, বিদ্যুৎ অফিসে হামলা

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:১৩ এএম

বিদ্যুৎস্পৃষ্টে  বিপুল মিয়া (৩০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের প্রাণ যাওয়ার ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুর করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩০ মে) বিকেলে সরিষাবাড়ী পৌর শহরের বাউসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল মিয়া বাউসি পঞ্চপীর এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ মেরামত শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বিপুলসহ তিনজন ইলেক্ট্রিশিয়ান তা মেরামত করতে যান। তবে ঘটনাস্থলে থাকা একটি সচল উচ্চ ভোল্টেজের তারে স্পর্শে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তারা গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে শেরপুর জেলার চর গ্রামের মোতালেব (৪০) ও বাদল (৩৫)।

এ ঘটনায় উত্তেজিত জনতার হামলায় পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা কর্মী রাজু আহম্মেদ (২৭) আহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কামরাবাদ এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দেলোয়ার হোসেন খান বলেন, ঝড়ের কারণে আমাদের সংযোগ বিচ্ছিন্ন ছিল। পিডিবির একটি সচল লাইনই মূলত দুর্ঘটনার কারণ হয়েছে। কিন্তু তারপরও আমাদের অফিসে যে হামলা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।

এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ হাসপাতালে যায় এবং বিদ্যুৎ অফিসে হামলার বিষয়েও খোঁজ নেয়। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত