পিএসজির বিজয়ে নেইমার-এমবাপ্পের উচ্ছাস; এখনো নিশ্চুপ মেসি

আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:৪২ এএম

বছরের পর বছর দীর্ঘ প্রতীক্ষা, প্রচুর বিনিয়োগ করে বড় বড় সব তারকাকে কিনে বিরামহীন চেষ্টার পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিল পিএসজি। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো সুপারস্টারদের ছাড়াই গতকাল রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি। সাবেক ক্লাবের এই অর্জনে কী বলছেন তারা?

চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য মেসি-নেইমারদের বিপুল অংকের টাকায় দলে নিয়েছিল পিএসজি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনজনই এখন ভিন্ন ক্লাবে খেলেন। গতকাল পিএসজির শিরোপা জয়ের পর ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। সঙ্গে পাঁচটি হাত তালির ইমোজিও যুক্ত করেছেন ২০২৩ সালে প্যারিস ছেড়ে যাওয়া এই সুপারস্টার। বর্তমানে তিনি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন।

অন্যদিকে পিএসজি ছেড়ে এবারের মৌসুমেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু রিয়ালের মৌসুম কেটেছে শিরোপাহীন। রিয়ালে যাওয়ার আগে পিএসজিতে সাত মৌসুম কাটিয়েছেন এমবাপ্পে। জিতেছেন ৬টি লিগ আঁ, ৪টি ফ্রেঞ্চ কাপ এবং ২টি লিগ কাপ। সাবেক ক্লাব ইউরোপসেরা হওয়ার পর তিনি লিখেছেন, ‘অবশেষে বিশেষ দিনটা এলো। বিজয় এসেছে, আর সেটা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।’

তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি কোনো প্রতিক্রিয়া জানাননি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা এই মহাতারকা অতীতে বেশ কয়েকবার পিএসজির বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, পিএসজিতে কাটানো দুই বছর খুব খারাপ সময় ছিল তার জন্য। এবার দেখার, মেসি তার সাবেক ক্লাবের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে কোনো প্রতিক্রিয়া জানান কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত