ফারুকের বিদায়ে মুখ খুললেন হাথুরুসিংহে

আপডেট : ৩১ মে ২০২৫, ০৩:৫১ পিএম

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব গ্রহণের আগেই তিনি সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অপসারণের ঘোষণা দিয়েছিলেন। প্রধান নির্বাচক থাকাকালীন হাথুরুর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তিনি পদত্যাগে বাধ্য হন। বিসিবি সভাপতি হয়েই তিনি হাথুরুসিংহেকে বিদায় করার জন্য উঠেপড়ে লেগেছিলেন। শেষ পর্যন্ত সফলও হন।

কিছুদিন আগে হাথুরুসিংহে ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, কীভাবে আতঙ্ক তৈরি করে তাকে সরানো হয়েছিল। সেই ফারুক আহমেদও বিসিবিতে টিকতে পারলেন না। বেশ কিছু অভিযোগে তার মনোনয়ন বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিএ)। ফারুকের বিরুদ্ধে বোর্ডের আট পরিচালক অনাস্থা দেখিয়েছিলেন। তার জায়গায় গতকাল বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

২০২৩ বিশ্বকাপে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছিল। তবে লঙ্কান এই কোচকে সরাতে আদৌ বোর্ডের বাকি পরিচালকদের মতামত নেয়া হয়েছিল কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফারুককে অপসারণের পেছনে এটাও একটা বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে। ঘটনা যাই হোক, ফারুকের বিদায়ের পর অবশেষে মুখ খুলেছেন হাথুরুসিংহে।

লিংকডইন প্রোফাইলে হাথুরু লিখেছেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি। ইএসপিএন ক্রিকইনফো'র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’

হাথুরুসিংহে অনেকবার বলেছেন তিনি কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। এমনকি বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও এই ব্যাপারটি অস্বীকার করেন। ক্রিকবাজকে হাথুরু বলেছিলেন, ‘‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল- “তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?” এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই। বিমানবন্দরে একজন কর্মকর্তা আমাকে বলেন; “আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে (আবেগপ্রবণ হয়ে)”।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত