লালমনিরহাটে জাপার কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট : ০১ জুন ২০২৫, ০২:০৬ পিএম

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে শহরের আলোরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দলটির স্থানীয় নেতারা।

জাতীয় পার্টির নেতাদের ভাষ্য, রংপুরে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে কার্যালয় ত্যাগ করেন নেতাকর্মীরা। রাত ১১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে, পরে আগুন ধরিয়ে দেয়।

লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী বলেন, ভেতরে থাকা আলমারি, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। অফিসে থাকা টিভি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেওয়া হয়। এরপর কিছু চেয়ার বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছি।

দলটির জেলা দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রতন জানান, আমরা রাত আটটার দিকে কার্যালয় ছেড়ে যাই। এরপর রাত ১১টার দিকে ফোনে জানতে পারি আমাদের অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আজ রবিবার সকালে রংপুরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সেনাবাহিনী কর্মকর্তা ও লালমনিরহাট সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত