জামালপুরে ভিজিএফের ২৬১ বস্তা চাল জব্দ, আটক ৪

আপডেট : ০২ জুন ২০২৫, ০১:৪৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করা ভিজিএফের ২৬১ বস্তা চাল উদ্ধার করেছে যৌথ বাহিনি। রবিবার (১ জুন) রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ জুন) সকালে সরিষাবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ সরকারী চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলো- উপজেলার ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত ও মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া এবং ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার রাইস মিল মালিক আরিফ মিয়া।

সরিষাবাড়ী উপজেলার অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার এস আই ফখরুল ইসলাম। পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়াটিয়া দোকানে অভিযান পরিচালনা করে ভিজিএফেরর ৫৫বস্তা অবৈধভাবে মজুদ করা চাল জব্দ করা হয়। দীর্ঘদিন থেকে তারা অবৈধভাবে সরকারী চাল মজুদ করে ব্যবসা করে আসছিলেন। তারা সরকারী বস্তা পাল্টিয়ে বিক্রির উদ্দেশ্যে ইজিবাইকযোগে নেওয়ার সময় চালগুলো জব্দ করেন। এ সময় জড়িত থাকার অপরাধে যৌথ বাহিনী আশিক মিয়া, মো. শান্ত ও রায়হান মিয়াকে আটক করে। পরে উদ্ধারকৃত চাল ও ৩ জনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৫৫ বস্তা চাল ও আটক ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০৬ বস্তা চালসহ মা রাইস মিল মালিককে আটক করা হয়েছে। এ সময় ওই মিলের গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, যৌথ বাহিনী ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান নেতৃত্বে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়। দীর্ঘদিন থেকে ব্যবসায়ী আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছিলেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল ছিল।

এ বিষয়ে মিল মালিক আরিফ মিয়ার দাবি করেছেন, চালগুলো তিনি ক্রয় করেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় প্রশাসন চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেন।

এ সময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ উপস্থিত ছিলেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সেনাবাহিনীর টহলরত দল রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই রাইস মিলে অভিযান চালায়। এ সময় সরকারী ২০৬ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত