নীলফামারী

পুলিশের টহল গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম

নীলফামারী সদরে সড়ক পার হওয়ার সময় পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকাল ৫টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী মিলবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 নিহত আলিফ ইসলাম ওই এলাকার জাহাঙ্গীর ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাবার সাথে বাজারে এসেছিল আলিফ। এ সময় হঠাৎ সে দৌড় দিয়ে রাস্তা পার হতে গেলে এলাকায় টহলে থাকা সদর থানার পুলিশের গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি আহত হলে স্থানীয়রা ও পুলিশ দ্রুত শিশুটিকে সদর আধুনিক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত শিশুটি অসাবধনতার কারণে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত