ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সহায়ক কর্মচারীদের মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্স-২০২৫ সম্পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২ জুন) সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। এতে সিএমএম কোর্ট ও জিআরও শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবিক বিভিন্ন বিষয়সহ আইনগত বিষয়ের হাতে কলমে শেখানো হয়।
সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ প্রশিক্ষণার্থী কর্মচারীবৃন্দ এবং জি.আর শাখার পুলিশ সদস্যরা। বক্তব্য দেন কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ।
সিএমএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন মাস ব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ প্রদানের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি আশা করেন অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীগণ তাদের স্বাভাবিক কার্যক্রম ও আদালতে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যা জনগণকে ন্যায় বিচার প্রদানে সহায়তা করবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
টাঙ্গাইলে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের নিহত ৩