এফবিসিসিআই’র নির্বাচন বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:২৭ পিএম

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আগামী দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের জন্য নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই বোর্ড এখন নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম শুরু করবে। 

সোমবার (২ জুন) বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ড গঠনের ঘোষণা দেয়। গত ৫ আগষ্টের পর আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এফবিসিসিআইয়ের পর্ষদ থেকে পদত্যগ করেন। পরে সরকার এই পর্ষদ ভেঙ্গে দিয়ে সে সময়কার প্রতিযোগীতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আব্দুর রাজ্জাককে। বোর্ডের অপর দুই সদস্য হলেন যুগ্মসচিব (আইআইটি- ২ অধিশাখা) মুর্শেদা জামান এবং যুগ্মসচিব (ডব্লিওটিও- ৩ অধিশাখা) মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খানকে। অন্য দুই সদস্য হলেন যুগ্মসচিব (প্রশাসন- ২ অধিশাখা) তানভীর আহমেদ এবং উপসচিব (রপ্তানি-৪ শাখা) ড. রাজ্জাকুল ইসলাম।

জানা যায়, এই বোর্ড এখন নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠনের বিধিমালা সংষ্কার করে প্রতিটি পদে নির্বাচনের বাধ্যবাধ্যকতা জারি করেছে। পর্ষদের আকার কমিয়ে অর্ধেকে আনা হয়েছে। টানা দুই বারের বেশি কোন পরিচালক একাধারে নির্বাচন করতে পারবেন না। এসব বিধান যুক্ত করে এই বিধিমালা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। যা সংগঠনটির সংষ্কার কার্যক্রমের ধারাবাহিকতা। তবে প্রশাসক নিয়োগের তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন প্রায় ৮ মাস হতে চললো। 

প্রায় ৮ মাস ধরে এফবিসিসিআইয়ের কোনো পরিচালনা পর্ষদ নেই। সরকার নিযুক্ত প্রশাসক দৈনন্দিন কাজ চালিয়ে নিলেও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফেডারেশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। গত ২ জুন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে। স্বাভাবিক সময়ে ব্যবসায়ীরা বাজেট নিয়ে তাদের ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরতো- একটি প্রতিক্রিয়া জানাতো। কিন্তু এবার এফবিসিসিআই বাজেট নিয়ে কোন প্রতিক্রিয়া জানাতে পারেনি। 

এদিকে সংষ্কারের জন্য অনেক বেশি সময় নেওয়ার কারণে ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের ক্ষোভ রয়েছে। তারা তাদের দাবি দাওয়া আদায়ে কোন এই সংগঠনটিকে ব্যবহার করতে পারতে পারছে না।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআই পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হন সদস্যদের একাংশ। তারই পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাকে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত