‘আনুশকা ১১ বছর ধরে মাঠে এসেছে, আর হতাশ হয়ে ফিরেছে’

আপডেট : ০৪ জুন ২০২৫, ১১:৪২ এএম

আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলির যাত্রাটা শুরু হয়েছিল সেই ২০০৮ সাল থেকে। ২০১৪ সাল থেকে সেই যাত্রাপথের সঙ্গী হিসেবে পেয়েছেন আনুশকা শর্মাকে। বছরের পর বছর ধরে দুজনে মিলে যে দিনটার অপেক্ষা করছিলেন, অবশেষে সেই দিনটি এলো গতকাল মঙ্গলবার। আইপিএল শিরোপা জিতে পূরণ হলো স্বপ্ন।

ম্যাচ শেষ হতেই আবেগে ভেসে গেলেন দুজন। কেঁদে ফেললেন কোহলি। চোখ ছলছল করে উঠল আনুশকার। আর তারপর দুজনে  একে অপরকে জড়িয়ে ধরলেন, আনুশকার কাঁধে মুখ গুঁজে রেখে নিজেকে আবেগ ভাসিয়ে দিলেন কোহলি। সেইসঙ্গে পুরো দুনিয়াকে জানালেন, এই দীর্ঘ যাত্রাপথে আনুশকা কীভাবে তার পাশে ছিলেন।

কোহলি বলেন, ‘আনুশকা ২০১৪ সাল থেকে আইপিএল দেখতে আসে, ১১ বছর ধরে বেঙ্গালুরুকে সমর্থন করে যাচ্ছে। এত বছর ধরে নিরলসভাবে খেলা দেখতে সে মাঠে এসেছে। অনেক হতাশার সঙ্গী হয়েছে, একটুর জন্য আমাদের ট্রফি হাতছাড়া করতে দেখেছে। আমাকে নিশ্চিন্তে খেলতে দিতে জীবনসঙ্গী হিসেবে সে যে পরিমাণ ত্যাগ করেছে, যে কোনো পরিস্থিতিতে যেভাবে আমার পাশে থেকেছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’

একটা সময় কোহলির ব্যর্থতার জন্য আনুশকাকে দায়ী করে ট্রোল করা হতো। এমনকী এসব কারণে আনুশকা ভারতের ম্যাচে মাঠেও যেতেন না! বিরাট কোহলি আরও বলেন, ‘আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখনই শুধু আপনি অনুভব করতে পারবেন যে, পর্দার পেছনে আমাদের কেমন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আনুশকা আমাকে ভেঙে পড়তে দেখেছে, সে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সে জন্য এখন ও গর্বিত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত