জিয়াউর রহমানের মতো সৎ রাজনীতিবিদ দক্ষিণ এশিয়ায় বিরল: দুদু

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন ফ্যাসিবাদের দাফন-কাফন করা যাবে না। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততদিন সংকট দূরীভূত হবে না।

বুধবার (৪ জুন) দুপুরে ফতুল্লা কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ভারত স্বৈরাচারী ব্যবস্থার মূর্ত প্রতীক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তারা আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছে। এগুলো রুখতে নির্বাচিত সরকার দরকার। এ ছাড়া কোনও পথ নেই।

তিনি বলেন, আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে ও গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমাদের ঐক্য বিনষ্ট হয় এমন কোনও বক্তব্য দেওয়া উচিত হবে না। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। 

জিয়াউর রহমানের মতো সৎ রাজনীতিবিদ শুধু বাংলাদেশ নয়, পুরে দক্ষিণ এশিয়ায় বিরল উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াকে অনুসরণের মধ্য দিয়ে বাংলাদেশের সংকট কাটতে পারে। শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সব দল বাতিল করেছিলেন। এমনকি আওয়ামী লীগকেও তিনি বাতিল করেছিলেন। তার সময় দুর্ভিক্ষ হয়ে লাখ লাখ মানুষ মারা গেছে। তার সময় চারটি বাদে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে সকল দলকে রাজনীতি করার ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত