রোনালদোর গোলে ২৫ বছর পর জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:৩৪ এএম

জার্মানিকে তাদের মাঠেই হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে পর্তুগাল। শুরুতে গোল হজম করলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় রবার্ট মার্তিনেজের দল। বদলি নেমে চোখধাঁধানো এক গোল করেন ফ্রান্সিসকো কনসেইকাও। কনসেইকাও। এরপর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে গোল পান ক্রিশ্চিয়ানো রোনালদো। ২-১ গোলে ম্যাচটি জিতে নেয় পর্তুগাল।

বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য চার শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পেরেছে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তারা শট নেয় মোট ১৩টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে প্রথমার্ধে ৭টি শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে জার্মানি। দ্বিতীয়ার্ধে শট নিতে পেরেছে মাত্র দুটি। প্রথমার্ধেই একাদিক সুযোগ নষ্ট করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই স্বাগতিক সমর্থকদের উচ্ছাসে ভাসান ফ্লোরিয়ান ভিরৎজ। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ইয়োজুয়া কিমিশের ক্রস থেকে দারুণ হেডে তিনি বল জালে পাঠান। কিন্তু জার্মানদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে তাদের স্তব্ধ করে দেয় পর্তুগাল।

৫৮তম মিনিটে বদলি নামার চার মিনিট পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইকাও। এরপর দলকে এগিয়ে নেন রোনালদো। বাঁ দিক থেকে মেন্দেসের পাস ছয় গজ বক্সের বাইরে থেকে শটে ফাঁকা জালে পাঠান পর্তুগাল মহাতারকা। এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডধারীর গোল হলো ১৩৭টি, আর এবারের নেশন্স লিগে ৮ ম্যাচে ৭টি।

লক্ষ্যণীয় বিষয় হলো, প্রায় ২৫ বছর পর জার্মানিকে হারাতে পারল পর্তুগাল। এর আগে সর্বশেষ জিতেছিল ২০০০ সালের ২০ জুন, ইউরোর গ্রুপ পর্বে ৩-০ গোলে। মাঝের পাঁচ ম্যাচের সবগুলোতেই তারা হেরেছে। বৃহস্পতিবার ফ্রান্স ও স্পেনের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে আগামী রবিবার শিরোপার লড়াইয়ে নামবে পর্তুগাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত