ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র ‘নীলচক্র : ব্লু গ্যাং’। তবে রুদ্ধশ্বাস গল্পের এই সিনেমার প্রচারণা হচ্ছে একেবারেই ভিন্ন ঘরানায়। সিনেমার অন্যতম মুখ মন্দিরা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে নায়ক শুভ এবার হাজির হয়েছেন ফান-মুডে। কোথাও নেই থ্রিলারের গম্ভীরতা, বরং আড্ডা আর ঠাট্টায় তাঁরা দু’জনে একে-অপরকে রীতিমতো রোস্ট করেছেন।
শুক্রবার, ঈদের আগের দিন ৬ জুন সকাল ১০টায় নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘নীলচক্র’র প্রমোশন হিসেবে একটি ভিডিও শেয়ার করেন আরিফিন শুভ। প্রায় তিন মিনিটের ভিডিওটিতে শুভ ও মন্দিরাকে দেখা যায় এক ব্যতিক্রমী কথোপকথনে—যেখানে রসিকতা, খোঁচা আর মজা মিলিয়ে জমে ওঠে অনন্য এক মুখোমুখি।
ভিডিওর শুরুতেই মন্দিরার খোঁচা, “আচ্ছা শুভ, আবার বায়োপিক করবা নাকি?” পাল্টা মেজাজে শুভ জবাব ছুড়েছেন, “তোমার বায়োপিক করলে পারিশ্রমিক দিবা—টাকা না প্লট?” রসিকতা এখানেই থামে না। মন্দিরাকে উদ্দেশ করে শুভ বলেন, “আমি তো তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ বলো না কেন?” জবাবে মন্দিরা ঠাট্টার ছলে বলেন, “তুমি তো কাজ ছাড়া কথা বলার টাইম দাও না!”
এই কথোপকথনের ফাঁকে ফাঁকে ফাঁস হয় শুভর সিক্স-প্যাক বানানোর গল্প, মন্দিরার ভাইরাল ছবি নিয়ে শুভর ঠাট্টা, এমনকি নিজের বায়োপিক ও গল্প সংক্রান্ত ইস্যুতেও হালকা রসিকতা করতে ছাড়েননি তিনি। শুভকে উদ্দেশ করে মন্দিরার প্রশ্ন, “তুমি জীবনে কাউকে ভিডিও পাঠাইছো কি না?”—এমন খুনসুটি প্রশ্নে দর্শকের হাসির রোল পড়ে যেতে বাধ্য।
ভিডিওটি স্পষ্ট করে দেয়—‘নীলচক্র’ কেবল একটি সাসপেন্স থ্রিলার নয়, এর প্রচারণার ধরণটিও সমান চমকপ্রদ। দর্শকের কাছে এটি পৌঁছেছে রসিকতা আর অভিনব কনটেন্টের সমন্বয়ে এক নতুন অভিজ্ঞতা হয়ে।
‘নীলচক্র : ব্লু সার্কেল’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। কাহিনির কেন্দ্রে রয়েছে এক ভয়াবহ সময়, যেখানে শহরজুড়ে একের পর এক ফাঁস হতে থাকে ব্যক্তিগত ভিডিও। অন্ধকার, আতঙ্ক আর রহস্যের আবহে গড়ে উঠেছে পুরো গল্প।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই থ্রিলার সিনেমায় যেমন টানটান উত্তেজনা, তেমনি রয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণার স্বাদ—যা এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে।
শাকিব খান বললেন, ‘তাণ্ডব’ রাফীর ক্যারিয়ারের সেরা সিনেমা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহত