এক যুগ পর দামেস্কে ফ্লাইট চালু করতে যাচ্ছে এমিরেটস 

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম

আগামী ১৬ জুলাই থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে এমিরেটস এয়ারলাইন। ২০১২ সাল থেকে এই ফ্লাইট বন্ধ রেখেছিল এয়ারলাইনটি। বর্তমান ইউএই-জিসিএএ পরিস্থিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকভাবে দুবাই-দামেস্ক রুটে সপ্তাহে তিনদিন- সোম, বুধ ও রবিবার নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে এবং ২ আগস্ট থেকে শনিবারেও ফ্লাইট চালু হবে। ২৬ অক্টোবর থেকে এই রুটে প্রতিদিনই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস।

দামেস্কে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে ৩০২ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০এলআর। উড়োজাহাজটির বিজনেস শ্রেণীতে ৩৮টি এবং ইকোনমি শ্রেণিতে ২৬৪টি আসন থাকবে।

ফ্লাইদুবাইয়ের সঙ্গে এমিরেটসের কোডশেয়ার পার্টনারশিপ থাকার ফলে দামেস্কগামী বা দামেস্ক থেকে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের নেটওয়ার্ক বহির্ভূত বিভিন্ন গন্তব্যে ভ্রমণ সুবিধা পাবেন।

এমিরেটস বর্তমানে মধ্যপ্রাচ্য/ জিসিসি’র ১৩টি নগরীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এই অঞ্চলে এয়ারলাইনটি পরিচালিত ফ্লাইটের সংখ্যা সপ্তাহে ১৯১টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত