বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি

আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:১৭ এএম

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, আমরা চামড়ার দাম যা নির্ধারণ করেছিলাম যা লবণসহ। তবে ৭০০-৮০০ টাকায় চামড়া বিক্রি হচ্ছে। তবে সেটা বিগত বহু বছরের তুলনায় বেশি।

রবিবার (৮ জুন) রাত ৮টার দিকে রাজধানীর পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব কথা বলেন তিনি।

দাম কমার খবর কিছু কিছু ক্ষেত্রে সত্য, তবে অধিকাংশ অসত্য উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, কিছু মৌসুমি ব্যবসায়ী চামড়া নিয়ে আধা পচা করে ফেলছে। এই আধা পচা চামড়া ৭০০-৮০০ টাকায় বিক্রি হওয়াও অনেক বেশি। যেটা ভালো চামড়া সেটা ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই লবণ দেওয়া চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি করছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল ও মেইনস্ট্রিম মিডিয়ায় চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীদের সঙ্গে মিলে চামড়ার বাজারে ধস নামানোর পরিকল্পনা ছাড়া আর কিছুই না।

শেখ বশিরউদ্দীন বলেন, গেল বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি। আধাপচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে।

প্রধান উপদেষ্টার পরামর্শে এ বছর চামড়া সংরক্ষণ ও মজুদের ব্যবস্থা করা হয়েছে। লবণবিহীন চামড়ার ন্যায্যমূল্য না পেলে এতে সরকারের দায় নেই, এর মূল্য ঠিক করবে বাজার ব্যবস্থাপনা বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত