ভিনির গোলে বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:৫৮ এএম

জাতীয় দলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র গোল করতে পারেন না- এটা যেন মিথ হয়ে গিয়েছিল। সেই ভিনিসিয়ুসের একমাত্র গোলেই প্যারাগুয়েকে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচটি ব্রাজিল জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৪৪ মিনিটে একমাত্র গোলটি করেন ভিনি।

ঘরের মাঠ সাও পাওলোতে কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচ জিতে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।এদিকে বলিভিয়ার কাছে ২–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের পৌঁছানোর দৌড় থেকে ছিটকে গেছে চিলি। ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতে।

ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচের ছন্নছাড়া ব্রাজিল আজ ভিন্নরূপে ধরা দেয়। শুরু থেকেই উপহার দেয় আক্রমণাত্বক ফুটবল। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে বেগ পেতে হচ্ছিল। অবশেষে ৪৪ মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন ভিনিসিয়ুস। সমন্বিত আক্রমণ থেকে বল পেয়ে বক্সের ভেতর ভিনিসিয়ুসের কাছে পাঠান। দারুণ ফিনিশিংয়ে জাতীয় দলের হয়ে আরও একটি গোল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র।

বিরতির পর ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। ৫৯ মিনিটে ব্রুনো গিমারেসের হেড থেকে অল্পের জন্য দ্বিতীয় গোলটি হয়নি। ম্যাচের শেষ দিকে লিড বাড়ানোর লক্ষ্যে আক্রমণের গতি অনেক বাড়িয়ে দেয় ব্রাজিল। তবে তারা সফল হতে পারেনি। কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করে আক্রমণাত্বক ফুটবলে দর্শদের মন ভরিয়ে দিয়েছে। ঘরের মাঠে কার্লো আনচেলত্তির অভিষেকটাও রঙ্গিন হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত