কলম্বিয়ার কাছে আবার হোঁচট খেলো আর্জেন্টিনা

আপডেট : ১১ জুন ২০২৫, ১২:০৭ পিএম

প্যারাগুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই দিনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারতে হারতে কোনো রকমে বাঁচল আর্জেন্টিনা। শুরুতে গোল খাওয়ার পর একপর্যায়ে তারা ১০ জনের দলে পরিণত হয়। এরপর থিয়াগো আলমাদার গোলে প্রায় হারতে বসা ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরুটা কিন্তু হয়েছিল লিওনেল মেসির দুর্দান্ত এক আক্রমণ দিয়ে। কিন্তু অল্প সময়েই ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শুরু করে কলম্বিয়া। ম্যাচের ২৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। প্রতি-আক্রমণে সতীর্থ কেভিন কাস্তানোর কাছ থেকে মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পান লিভারপুল তারকা। এরপর বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে দুর্দান্ত শটে বল পাঠান জালে। মেসি ছিলেন নিজের ছায়া হয়ে।

ম্যাচের ৩০ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের বাঁশি হতাশ করে আর্জেন্টিনাকে। ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা বিরতির পর একের পর এক আক্রমণ চালায়। ৬৩ ও ৬৮ মিনিটে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করে বিশ্বচ্যাম্পিয়নরা। ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেছিলেন এনজো!

৭৭ তম মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার বদলে মাঠ নামেন এজেকিয়েল পালাসিওস। আর্জেন্টিনা যখন হারের শঙ্কায় ছিল, তখনই ত্রাতা হয়ে দাঁড়ান থিয়াগো আলমাদা। ৮১ মিনিটে দারুণ এক শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। ৮৬ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেলেও গোলবারের কারণে এগিয়ে যেতে পারেনি কলম্বিয়া। ড্র নিয়েই দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত