সেই কাতার বিশ্বকাপ থেকেই ব্রাজিল ফুটবলের অবস্থা ভগ্নপ্রায়। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের পারফর্মেন্স প্রশংসা আদায় করতে পারেনি। অবশেষে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে আজ প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এক নজরে দেখে নেওয়া যাক বাছাইপর্বে ব্রাজিলের যাত্রা।
লড়াইয়ের শুরুটা ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর থেকে। বলিভিয়াকে ৫-০ গোলে হারায় ব্রাজিল। পরের ম্যাচে পেরুকেও হারিয়ে দেয় ১-০ গোলে। ওই বছরের ১৩ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে ব্রাজিলের পিছিয়ে পড়ার শুরু। ১৮ অক্টোবর উরুগুয়ের কাছে হেরে যায় ২-০ গোলে। ওই বছর ১৭ নভেম্বর ২-১ গোলে হারতে হয়েছে কলম্বিয়ার কাছে। ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে যায় ১-০ গোলে।
হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাজিল ঘুরে দাঁড়ায় ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে। কিন্তু ছিল না ধারাবাহিকতা। চারদিন পর প্যারাগুয়ের কাছে হারতে হয় ১-০ গোলে। পরের দুই ম্যাচে আসে টানা জয়। ১১ অক্টোবর চিলিকে ২-১ গোলে এবং ১৬ অক্টোবর পেরুকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। একই বছর নভেম্বরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে পরপর দুটি ম্যাচ ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
২০২৫ সালে বাছাইপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল কলম্বিয়ার বিপক্ষে। গত ২১ মার্চ অনুষ্ঠিত ম্যাচটি ব্রাজিল জিতে নেয় ২-১ গোলে। আবার ২৬ মার্চ আর্জেন্টিনার কাছে হজম করে এক হালি গোল। এই ম্যাচের পর চাকরি চলে যায় কোচ দরিভাল জুনিয়রের। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার খেলতে নেমে গত ৬ জুন ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। অবশেষে আজ ১১ জুন ঘরের মাঠ সাও পাওলোতে আনচেলত্তিকে ১-০ গোলের জয় উপহার দেন ভিনিসিয়ুসরা।
কলম্বিয়ার কাছে আবার হোঁচট খেলো আর্জেন্টিনা
ভিনির গোলে বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল
'শুরু মাত্র হয়েছে, শেষ নয়', হামজার প্রত্যয়ী বার্তা