নির্বাচনের জন্য এপ্রিল মাসকে অনুপযুক্ত সময় আখ্যা দিয়ে ডিসেম্বরের মধ্যেই ভোট আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ভোটের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে হাতিয়ার তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচন ও আন্দোলনের জন্য একই সঙ্গে প্রস্তুতি রাখতে হবে। যথাসময়ে নির্বাচন না হলে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।"
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাব্বিশের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, তা নিয়েও সমালোচনা করেন শামীম। তিনি বলেন, "এ সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। অথচ প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে। তাই আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রদানের আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "এটি কেবল হাতিয়াবাসীর দাবি নয়, এটি সারা দেশের গণমানুষের দাবি।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্না। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফাহিম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, আলাউদ্দিন রনি, কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কারিমূল হাই নাঈম ও পৌরসভা বিএনপির সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত।
ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে তমরদ্দি বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা আশপাশের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
সখীপুর অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু
কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র