গোপালগঞ্জের মুকসুদপুরে লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় সামিয়া আক্তার (১০) নামে আরেকজন পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১ জুন) সকাল ১০টায় আত্মীয় বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। অসুস্থ সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। এরা দুইজন খালাতো বোন।
নিহতের খালু আজগর আলী জানিয়েছেন, দুই খালাতো বোন সকাল ১০টায় কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এ সময় মিমকে বাঁচাতে গিয়ে সায়মাও পানিতে ডুবে যায়।
মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
