'ইয়ামালের সেরা রূপটা দেখেছিলাম দুই বছর আগে', লেভানডফস্কি

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

স্পেনের হয়ে সদ্যই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন ১৮ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে টুর্নামেন্টজুড়ে তার পারফরম্যান্স এবং মাঠের ভূমিকা নিয়ে ফুটবল বিশ্লেষকদের মাঝে ছিল নানা আলোচনা। মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করার পর ইয়ামালের খেলা নিয়ে খোলামেলা কথা বলেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ রবার্ট লেভানডফস্কি।

ইএসপিএন-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে শিকাগো ফায়ারের এই পোলিশ স্ট্রাইকার জানান, চোটের কারণে টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে পারেননি তরুণ এই তারকা।

ইয়ামালের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে লেভানডফস্কি বলেন, "সত্যি বলতে, এই টুর্নামেন্টে আমরা তার সেরা রূপটা দেখতে পাইনি। সে এখনো যথেষ্ট তরুণ এবং বিশ্বকাপের ঠিক আগেই চোট কাটিয়ে এসেছে; প্রায় ৮ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।"

দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকার পর সরাসরি বিশ্বকাপের মতো উচ্চমাত্রার প্রতিযোগিতায় নামা কতটা কঠিন, তা ব্যাখ্যা করে লেভানডফস্কি আরও যোগ করেন, "দীর্ঘ ৮ সপ্তাহ বাইরে থাকার পর হুট করেই কোনো অনুশীলন বা রিকভারির বাড়তি সময় ছাড়া বিশ্বকাপে খেলতে নেমে যাওয়া বেশ কঠিন। সে সময় কোনো বিরতি থাকে না, কেবল ম্যাচ থেকে ম্যাচে দৌড়ে যেতে হয়। তবে এত কিছুর পরও সে অসাধারণ মান ও স্কিলের পরিচয় দিয়েছে।"

স্প্যানিশ স্কোয়াডের দলগত বোঝাপড়া ও ইয়ামালের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, "আমার মনে হয় স্প্যানিশ খেলোয়াড়েরা এবং দল তাকে মানিয়ে নিতে বেশ সাহায্য করেছে, আবার ইয়ামালও পুরো দলকে নিজের মতো করে সহায়তা করেছে। তাদের এই পারস্পরিক সহযোগিতা ও মেলবন্ধন ছিল এক কথায় চমৎকার। সেই কারণেই সাবেক ও বর্তমান অনেক সতীর্থকে এখানে ফাইনালে খেলতে দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত।"

তবে বিশ্ব ফুটবলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই ক্ষ্যাপাটে উইঙ্গারকে কখন সবচেয়ে বিধ্বংসী রূপে দেখেছিলেন, সেটিরও একটি মূল্যায়ন টেনেছেন বার্সেলোনায় কয়েকবছর খেলা লেভানডফস্কি, "আমার দৃষ্টিতে লামিন ইয়ামালের সবচেয়ে সেরা রূপটি গত মৌসুমে ছিল না, বরং তার আগের মৌসুমে (দুই মৌসুম আগে) আমরা ইয়ামালের সেরা ভার্সনটা দেখেছিলাম।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত