বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে এবার পূর্ণ মেয়াদের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। আপৎকালীন দায়িত্ব পালন শেষে এবার অফিশিয়ালভাবেই ওয়ানডে দলের নেতৃত্ব উঠছে এই অলরাউন্ডারের কাঁধে। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তাঁর অধিনায়কত্বের নতুন অধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে মিরাজকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এক বছরের জন্য তাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে বোর্ড। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতেই ফিরছে বাংলাদেশ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেছেন, 'বোর্ড মনে করে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, দলকে লড়াই করতে অনুপ্রাণিত করার ক্ষমতা এবং মাঠের ভিতরে ও বাইরে তার প্রাণবন্ত উপস্থিতি—এই রূপান্তরের সময়ে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ করে তুলেছে। আমরা বিশ্বাস করি, এই ফরম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানসিক দৃঢ়তা ও পরিপক্বতা রয়েছে।'
শ্রীলঙ্কা সফরে ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সফরে থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও। যেখানে যথারীতি টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আর টি-টোয়েন্টিতে থাকবেন লিটন দাস। ওয়ানডেতে এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন করবেন মিরাজ।
২৭ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট—সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় নয় বছর। অবশেষে সেই সুযোগ মিলল পূর্ণ পরিসরে।
মিরাজ এর আগেও জাতীয় দলে অধিনায়কত্ব করেছেন। ২০২৩ সালের নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে, নিয়মিত অধিনায়ক শান্ত ইনজুরিতে পড়লে, দলের হাল ধরেন তিনি। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজেও ছিলেন অধিনায়ক। যদিও ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। তবে একটি টেস্ট জিতেছিল মিরাজের নেতৃত্বে।
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবিত "তিন সংস্করণে তিন অধিনায়ক" নীতিতে সম্মতি জানান। সে ধারাবাহিকতায় টেস্টে শান্ত ও টি-টোয়েন্টিতে লিটনের পর এবার ওয়ানডের দায়িত্বও গুছিয়ে দেওয়া হলো মিরাজের হাতে।
গত বছর টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত। এবার ওয়ানডে থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে গতি আনল বিসিবি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর সেই ফেরার মঞ্চেই নতুন নেতৃত্বে শুরু হবে নতুন যাত্রা।
লেভানডফস্কির বিদ্রোহে পোল্যান্ড কোচের পদত্যাগ
৩২ দলের ক্লাব বিশ্বকাপে রিয়ালের লক্ষ্য শিরোপা 