ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলের কুনহা

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:২৫ এএম

উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে পাঁচ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। গত মৌসুমে বাজে পারফর্মেন্স করা ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে।

ক্লাবের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কুনহাতে পেতে ৬ কোটি ২৫ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ দিতে হয়েছে ইউনাইটেডকে। অবশ্য চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। ২৬ বছর বয়সী কুনহা উলভারহ‍্যাম্পটনের হয়ে ৯২ ম‍্যাচে ১৫ গোল করেছেন। গত মঙ্গলবার ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পথে ভিনিসিয়ুসের একমাত্র গোলটি তারই বানিয়ে দেওয়া ছিল।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত কুনহা বলেছেন, ‘ছোটবেলায় দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগ দেখতাম, তখন থেকেই ইউনাইটেড ছিল আমার প্রিয় ইংলিশ ক্লাব। আর সে সময় আমি এই লাল জার্সি পরার স্বপ্ন দেখতাম। সতীর্থদের সঙ্গে পরিচিত হতে এবং প্রাক মৌসুম শুরুর জন‍্য আমার তর সইছে না। এখন কঠোর পরিশ্রম করে দলকে শীর্ষে ফেরানোর দিকেই আমার সব মনোযোগ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত