অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় ৩টা ৩৫ মিনিটে। বৈঠক শেষে তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।
জানা গেছে, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি। প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল সহকারে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস উইং জানায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।
দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।
প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরুর আগেই ভোট
রবিবার থেকে খুলছে অফিস, এবার ঢাকায় ফেরার পালা