টানা ১০ দিন বন্ধ থাকার পর রবিবার (১৫ জুন) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। চার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও খালাস দিতে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, আজ সকাল আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকেরা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও দু-দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো চাপ নেই।
বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, রবিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
