বিতর্কিত টাইম আউট ইস্যুতে ম্যাথিউস, ‘ভুলটা আমার ছিল না’

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:২৪ পিএম

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ‘টাইম আউট’-এর বিতর্ক এখনও অনেকে ভুলতে পারেননি। সেই ঘটনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটারকে টাইম আউটের ফাঁদে ফেলেছিল একটি দল—আর ভুক্তভোগী ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। দেড় বছর পর সেই ঘটনাই নতুন করে তুলে ধরলেন তিনি।

কাল থেকে গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন ম্যাথিউস। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ম্যাথিউস বলেন, ‘আমি মনে করি ওই সময়ে এটা নিয়ে অনেক কথা বলেছিলাম, কারণ আমি খুব রাগান্বিত ছিলাম, পাশাপাশি হতাশও। কিন্তু আমি এখনও মনে করি, আমি কোনো ভুল করিনি। ম্যাচ রেফারিকে যখন ভিডিওটা দেখালাম, তখন তাঁরাও বুঝতে পারলেন আসলে কী ঘটেছিল, এবং এটা ছিল ভুল বোঝাবুঝি।’

বিশ্বকাপের ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামার পর ম্যাথিউস যখন ব্যাট করতে নামেন, তখন হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়ে সেটি মাঠে পড়ে যায়। নতুন হেলমেট নিতে সময় নেন তিনি। সেই সময়ের মাঝেই টাইম আউটের আবেদন করে বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটারদের দু’মিনিটের মধ্যে প্রস্তুত থাকতে হয়। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার দেন ‘টাইম আউট’।

কিন্তু তাতে এখনো ক্ষুব্ধ ম্যাথিউস। ‘আমার বিশ্বাস, আম্পায়ারদের আরও সম্পৃক্ত হওয়া উচিত ছিল,’—বললেন তিনি।

তিনি যোগ করেন, ‘আমি যখন ক্রিজে পৌঁছেছিলাম, তখনও দু’মিনিট অতিক্রম করিনি। আমার হেলমেটটা তখনই ভেঙে গিয়েছিল, মাটিতে পড়ার আগে নয়। কাজেই আমার রাগ হওয়াটা যথার্থ ছিল। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের দলের জন্য, আর আমার মনে হয়েছিল আমাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে। কিন্তু আমি বুঝে পাই না, তারা কেন সেই সিদ্ধান্তের পক্ষে এতটা উঠেপড়ে লেগেছিল।’

ম্যাচের ফলাফল তখন বড় হয়ে দাঁড়ায়নি, তবে ঘটনাটি ক্রিকেটবিশ্বে প্রচুর আলোচনার জন্ম দিয়েছিল। অনেকেই একে খেলোয়াড়সুলভ আচরণ না বলে সমালোচনা করেছিলেন বাংলাদেশের। তবে ম্যাচ শেষে বাংলাদেশ জানিয়েছিল, তারা নিয়মের মধ্যেই ছিল।

তবে সময় গড়ানোর পরও ম্যাথুজের মন থেকে রাগটি এখনও পুরোপুরি মুছে যায়নি বলেই স্পষ্ট করলেন তিনি, ‘আমি নিশ্চিত নই কেন তারা আপিল করতে প্ররোচিত হয়েছিল, কিন্তু এটা আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল।’

এই বক্তব্য হয়তো বিতর্ককে আবারও জাগিয়ে তুলবে। তবে এটাও পরিষ্কার, অ্যাঞ্জেলো ম্যাথুজের মনে সেই ঘটনার রেশ এখনও জ্বলন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত