ম্যাথিউসের বিদায়ী ম্যাচে জিততে চান শান্ত

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:০০ পিএম

সাত বছর আগের নিদহাস ট্রফি থেকেই বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ মানে অন্যরকম দ্বৈরথ। সেই পালে নতুন করে হাওয়া লেগেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করা নিয়ে বিতর্ক পৌঁছেছিল চরমে। তাতে মাঠের খেলায়ও পড়েছিল উত্তাপ। সেই আউটের আপিলের জন্য সাকিব আল হাসানকে পরামর্শ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

আগামীকাল থেকে গলে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। আর এই টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টানছেন ম্যাথিউস। সেই ম্যাচে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। বিদায়বেলায় লংকান কিংবদন্তীকে শুভেচ্ছা জানালেও তার বিদায়ী ম্যাচটাই জয়ে রাঙাতে চান টাইগার অধিনায়ক।

শ্রীলঙ্কার গলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ—আয়োজকরা। এই মাঠেই বাংলাদেশ স্মরণীয় জয় পেয়েছিল ২০২২ সালে। সেই সুখস্মৃতি এবার অনুপ্রেরণা হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে রাখলেন—এই সিরিজ নতুন করে শুরু করার জায়গা। পাশাপাশি অতীত অভিজ্ঞতাও কাজে লাগাতে চান অধিনায়ক।

আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তিনি বলেন, ‘প্রত্যেকটা সিরিজেই নতুন করে শুরু করতে হয়। অতীত অবশ্যই আত্মবিশ্বাস দেবে। আমার কিংবা মুশফিক ভাইয়ের এখানে ভালো স্মৃতি আছে। তবে আমার মনে হয় এখানেও আমাদের আবার নতুন করেই শুরু করতে হবে।’

শান্ত যোগ করেন, ‘আমি বিশ্বাস করি ওপরের দিকে যারা ব্যাট করি তারা একটা ভালো শুরু এনে দিতে পারব। আর টেস্ট চ্যাম্পিয়নশিপ অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি সেটা দলের জন্যও ভালো হবে। যেরকম দল এবার পেয়েছি, আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’

দেশ ছাড়ার আগে থেকেই ক্রিকেটপাড়ার চর্চিত বিষয় শান্ত নামবেন ওপেনিংয়ে। বিমান ধরার আগে সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট কোনো জবাব দেননি। প্রতিপক্ষকে আগে থেকে ধারণা দিতে চান না দলের কম্বিনেশন বিষয়ে। আজও সংবাদ সম্মেলনেও একই জবাব দিলেন তিনি। একাদশ কেমন হবে, সেটাও জানাননি শান্ত। বরং কৌশলগত কারণেই ব্যাটিং পজিশনসহ নানা বিষয়ে রাখছেন রহস্য,‘আমি চাই না প্রতিপক্ষ আগেভাগেই জেনে যাক, আমি কোথায় ব্যাট করব। তাই এখনই কিছু বলব না।’

এদিকে এই টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে নিয়ে শ্রদ্ধা জানিয়ে শান্ত বলেন, ‘ম্যাথিউসের সঙ্গে অনেকবার খেলা হয়েছে। অনেক ভালো স্মৃতি আছে। তার জন্য শুভ কামনা থাকবে, যেন ভালোভাবে অবসর নিতে পারেন।’

ম্যাথিউস মাঠ থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু বাংলাদেশি কিংবদন্তিরা মাঠ থেকে বিদায় নিতে পারেন না। এই প্রসঙ্গে নিজের মতও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা খুব ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। কেউ চাইতে পারেন মাঠ থেকে বিদায় নিতে, কেউ হয়তো সেটা চান না। সুযোগ থাকলে প্রত্যেকেই যেন নিজের মতো বিদায় নিতে পারেন, এটাই প্রত্যাশা।’

শেষ প্রশ্ন ছিল ওয়ানডে অধিনায়কত্ব থেকে তার সঙ্গে আলোচনা না করেই সরিয়ে দেওয়া নিয়ে। কিন্তু শান্ত তা পাশ কাটিয়ে বলেন, ‘এখন টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আমি মনে করি ফোকাস এখানেই থাকা উচিত। অতীতে কি হয়েছে না হয়েছে সেটা ভেবে লাভ নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলেই ভালো কিছু উপহার দেওয়া সম্ভব।’

এই সিরিজেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করছে বাংলাদেশ। নেতৃত্বে শান্ত, চোখে আত্মবিশ্বাস—মাঠে সেই প্রতিফলন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত