পরিবেশ উপদেষ্টা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কারও দ্বিমত নেই

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:১৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এলাকা পরিদর্শন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উঠেছিল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাস লাগবে। এ ব্যাপারে কারোই কোনও দ্বিমত নেই। শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, কতটুকু উপযোগী।

সোমবার (১৬ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া ও বহলবাড়ি গ্রামের মাঝে অবস্থিত রামকান্তপুর মৌজায় বরাদ্দকৃত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পরিদর্শন করে এ কথা বলেন।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বরাদ্দ ৫০০ কোটি বেশি নাকি কম, সেটা বড় বিষয় নয়। কাজ শুরু হলে আরও পাওয়া যাবে কি যাবে না, তা নিয়ে হতাশার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।

সেই সঙ্গে তিনি আরও বলেন, যেহেতু দাপ্তরিকভাবেও পরিবেশ নিয়েই তিনি কাজ করছেন, তাই চলনবিল অধ্যুষিত বড়ালনদী ও গোচারণ ভূমির ক্ষতি না করে পরিবেশ ঠিক রেখে ক্যাম্পাস নির্মাণের ওপর তিনি গুরুত্ব দেন।

এর আগে তিনি এ দিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ এসে পৌঁছান। এখানে তাকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত ভিডিও তথ্যচিত্র প্রদর্শন উপভোগ করেন। এরপর তিনি বাঘাবাড়ি নৌবন্দর ঘাট এলাকা থেকে স্পিডবোটে বড়াল নদী পাড়ি দিয়ে রামকান্তপুর মৌজায় পৌঁছান ও ত্রীমোহনীতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এলাকার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।

সেখানে পৌঁছলে উপদেষ্টাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। এরপর উপদেষ্টা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমি ও এর পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি এক আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত