সরকার মব জাস্টিসকে কোনোভাবেই মেনে নেবে না: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

বর্তমান সরকার একাধিকবার তাদের অবস্থান স্পষ্ট করেছে। সরকার মব জাস্টিসকে কোনোভাবেই সহ্য করবে না। যেখানেই এ ধরনের ঘটনা ঘটছে, সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

পরিবেশ দূষণ রোধে কার্যকর উদ্যোগের কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, মেগা প্রকল্পের পাশাপাশি ছোট ছোট প্রকল্প নিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। এ ছাড়া পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতিকে গুরুত্ব দেব না, ততক্ষণ পরিবেশের উন্নয়ন সম্ভব নয়।

বায়ু দূষণ রোধে চীনের সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। আশা করি, সবার সহযোগিতায় অল্প সময়েই বাংলাদেশের পরিবেশের উন্নতি হবে।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেন, পরিবেশ যদি বাঁচে, তবেই আমরা বাঁচব। আপনি যত বড় সম্পদশালীই হোন না কেন, পরিবেশ ধ্বংস হলে টিকে থাকতে পারবেন না। সাভারের নদী দখল ও দূষণের বিষয়ে তিনি বলেন, এখানকার স্থানীয়রাই নদী দখল ও দূষণের সঙ্গে জড়িত। সবাই মিলে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

এর আগে, ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়নের লক্ষ্যে 'বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ' কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ উপদেষ্টা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীও একটি নিম গাছের চারা রোপণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত