প্যারিস এয়ার শো: দুর্ঘটনা, কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা বিতর্কে উদ্বোধন

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:২৭ এএম

ফ্রান্সের ল্য বুরজে বিমানবন্দরে শুরু হয়েছে ২০২৫ সালের বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক প্যারিস এয়ার শো। গত সোমবার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিশ্বের অন্যতম বড় এই বিমান ও মহাকাশপ্রযুক্তি প্রদর্শনী, যেখানে ৪৮টি দেশের প্রায় আড়াই হাজার সংস্থা এবং ১৫০টিরও বেশি উড়োজাহাজ অংশ নিচ্ছে। তবে বর্ণাঢ্য এ আয়োজনের প্রথম দিনেই মূল আলোচনায় উঠে আসে একাধিক বিতর্ক, শোক এবং কূটনৈতিক টানাপড়েন।

শুরুর আগেই আন্তর্জাতিক এভিয়েশন জগতকে নাড়িয়ে দেয় এক মর্মান্তিক দুর্ঘটনা। গত সপ্তাহে একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে, যাতে প্রাণ হারান অন্তত ২৪০ যাত্রী। এই শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে বোয়িং তাদের উপস্থিতি সীমিত রাখে এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রদর্শনীতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রথম দিনেই হঠাৎ করে উত্তেজনা দেখা দেয় যখন আয়োজকেরা ইসরায়েলের চারটি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেন। ফ্রান্সের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে Elbit Systems, Rafael, IAI ও Uvision-এর প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, কারণ তারা আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন করছিল বলে আয়োজকদের দাবি। এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল, যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

তবে বিতর্কের আবহে প্রযুক্তির আধুনিকতা ম্লান হয়ে যায়নি। বোয়িং তাদের প্যাভিলিয়নে প্রদর্শন করছে ৭৭৭-৩০০ইআর, এফ-১৫ ঈগল, সিএইচ-৪৭ চিনুক, কেসি-৪৬ পেগাসাস এবং পি-৮ পোসেইডন। ব্রাজিলের এমব্রায়ের অংশ নিয়েছে ই১৯৫-ই২, কেসি-৩৯০ মিলেনিয়াম ও এ-২৯ সুপার টুকানো নিয়ে, যা দেশটির প্রযুক্তিগত অগ্রগতির জানান দেয়।

এ বছর বাণিজ্যিক ও সামরিক বিমান ছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে ড্রোন, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশবান্ধব উড়োজাহাজ প্রযুক্তি। উদ্বোধনী দিনের পরিবেশ কিছুটা সংযত হলেও বিশ্লেষকদের মতে, এই আয়োজন বৈশ্বিক বিমান শিল্পের আগামী দিনের দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।

প্রদর্শনী ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত শুধু শিল্প সংশ্লিষ্ট ও পেশাদারদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর ২০ থেকে ২২ জুন পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত