ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে এবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক আলোচনায় বসার পরিকল্পনা করছেন জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা।
আগামী শুক্রবার জেনেভায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জার্মাস কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা প্রথমে জেনেভায় জার্মানির স্থায়ী মিশনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে বৈঠক করবেন, এরপর তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
জার্মান কূটনীতিক সূত্রের মতে, ইরান ও ইউরোপের এই আলোচনার লক্ষ্য হলো ইরানকে নিশ্চিত করা যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে। এই আলোচনার পর বিশেষজ্ঞ স্তরে একটি গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে।
যুদ্ধ পরিস্থিতি এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে এই আশঙ্কা থেকে আলোচনার উদ্যোগ নিয়েছেন ইউরোপীয় মন্ত্রীরা। কারণ ইসরায়েল গত সপ্তাহে তার প্রধান শত্রু ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে, আর ইরান পাল্টা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত স্পষ্ট করে বলেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেবে কিনা। এর ফলে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।
ইসরায়েল জানিয়েছে, তাদের লক্ষ্য হলো তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পূর্ণরূপে বন্ধ করা। অন্যদিকে, ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই।
তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইসরায়েলের পক্ষে কথা বলে ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ইরানকে উত্তেজনা কমাতে হবে নাহলে আরও কঠিন ধ্বংসাত্মক পরিণতি ভোগ করতে হবে।
এদিকে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ইরানের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আশ্বাস প্রদান করে সমাধানের পথে কাজ করা উচিত। আলোচনার পথ সবসময় খোলা।
