রোহিঙ্গা ইস্যু এখন কেবল মানবিক নয়, নিরাপত্তার বিষয়ও: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২০ জুন ২০২৫, ১১:৫০ এএম

রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী হলে তা শুধু মানবিক নয়, বরং অর্থনৈতিক, পরিবেশগত এবং আঞ্চলিক নিরাপত্তার জন্যও গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠবে—জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর দারিদ্র্য, উন্নয়নঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক এক বিশেষ আলোচনায় তিনি বলেন, ‘গত আট বছর ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে যাচ্ছে মানবিক দায়বদ্ধতা থেকে। তবে এই সংকট এখন আর কেবল মানবিক নয়, এটি ক্রমে নিরাপত্তা ইস্যুতে পরিণত হচ্ছে।’

রোহিঙ্গারা মিয়ানমারে যে নির্মম নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সে প্রেক্ষাপটে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তারুণ্যের ভূমিকা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রতিটি পরিবর্তনের কাণ্ডারী ছিল তরুণ প্রজন্ম।’ এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইকোসক এবং নবগঠিত পিস বিল্ডিং কমিশনের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোচনাটিতে বাংলাদেশ ছাড়াও সুইডেন, উরুগুয়ে ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী এবং জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন ও বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত