বর্তমান অন্তর্বর্তী সরকার পদে পদে দেশের মানুষকে হতাশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, ১০ মাস প্রায় শেষ হওয়ার পথে। আপনারা এখন পর্যন্ত তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। পদে পদে মানুষকে হতাশ করেছেন।
শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক এক সংগঠনের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, জিনিসপত্রের দাম কমেনি, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতে লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো সুন্দর এবং পরিচ্ছন্ন নেই। বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন।
তিনি বলেন, ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় আপনাদের স্বাস্থ্য উপদেষ্টা। কোথায় তার কর্মতৎপরতা। বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না। মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে।
আলাল আরও বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন-ইউনিয়ন পরিষদ, গণভবন-সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এ ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দিবো। সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদের দেব। দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেব সারা বাংলাদেশে।
নির্বাচন নিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই—নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একটা নতুন প্রজন্ম ২০১৪, ১৮ এবং ২৪ সালে নিজেদের অধিকার প্রদর্শন করতে পারেনি। তারা মুখিয়ে আছে একটি নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত আমরা নির্বাচনের কথা বলি।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়ন'র সভাপতিত্বে যুব সমাবেশে আর বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, যুবদল নেতা জাহাঙ্গীর, জাহিদ হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।
ঘরোয়া ক্রিকেটে বিজয়, দেশের জার্সিতে পরাজয়
বাংলাদেশকে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবিঃ নতুন চুক্তি সই