তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আলাল

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে খালাস পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। রায় ঘোষণার পর যদি উনি খালাস পান, তখনই উনি দেশে ফিরবেন। এমনটাই আমাদের ধারণা দিয়েছেন।

আজ শুক্রবার (২২ আগস্ট) বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই ভোট হবে। আমরা চাই, নির্বাচন সঠিক সময়েই হোক। কারণ দায়বদ্ধ (নির্বাচিত) সরকার না থাকার কারণে বিনিয়োগ বন্ধ। অর্থনীতিও স্থবির হয়ে আছে। ব্যাংক খাত পুনর্গঠনের জন্যও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার দরকার।’

পিআর পদ্ধতির কড়া সমালোচনা করে আলাল বলেন, কাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন তা জানার অধিকার জনগণের রয়েছে। কিন্তু এই পদ্ধতিতে সেই সুযোগ নেই। আরো মজার বিষয়, যারা পিআর চান, তারাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। পিআর হলো, আলাদা প্রার্থী ঘোষণার দরকারই পড়ে না। তাই রাজনৈতিক দলগুলোর এই দাবিটাও সাংঘর্ষিক।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান খানসহ স্থানীয় সাংবাদিকরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত