কুমিল্লায় ডা. তাহের 

একটি দলের চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রপ্রধানের বৈঠক ‘নজিরবিহীন’

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের সঙ্গে কোনও রাষ্ট্রের প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক, প্রেসব্রিফিং ও স্টেটমেন্ট নজিরবিহীন এবং সমীচীন নয়। এই ধরনের পদক্ষেপে পক্ষপাতিত্বের আশঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াত আয়োজিত এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা চাইলে সব দলের সঙ্গে বসে আলোচনা করতে পারতেন। কিন্তু একটি বিশেষ দলের সঙ্গে একক বৈঠক করে তিনি পক্ষপাতিত্বের বার্তা দিয়েছেন। এ কারণেই আমরা দ্বিতীয় ধাপের আলোচনা বয়কট করেছি এবং স্টেটমেন্ট দিয়ে আমাদের আপত্তির কথা জানিয়েছি।

ডা. তাহের আরও বলেন, পরে প্রধান উপদেষ্টা আমিরে জামায়াতকে ফোনে আশ্বস্ত করেছেন যে তিনি নিরপেক্ষভাবে কাজ করছেন এবং কোনো দলের প্রতি অনুরাগী নন। তিনি বলেছেন, আমাকে সময় দিন, আমি প্রমাণ করব যে নিরপেক্ষ নির্বাচন করতে পারি।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, জামায়াত কিছু প্রস্তাবে একমত হয়েছে, কিছুতে দ্বিমত করেছে। তবে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে চেষ্টা চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি সংস্কারের প্রস্তাব দিয়েছে জামায়াত। 

ডা. তাহের বলেন, শুধু সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলে সরকার গঠনকারী দলের প্রভাব থেকে তা মুক্ত থাকবে না। তাই জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানদের অন্তর্ভুক্ত করে একটি ইলেক্টোরাল কলেজ গঠনের প্রস্তাব দিয়েছি।

প্রধানমন্ত্রী পদে টানা দুইবারের বেশি দায়িত্ব পালন না করার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিএনপি ছাড়া অধিকাংশ দল একমত হয়েছে। আগামী রবিবার আলোচনা আবার শুরু হবে।

তিনি আরও জানান, সংবিধান সংশোধন, অনাস্থা প্রস্তাব ও বাজেট ছাড়া অন্যান্য বিষয়ে দলীয় অবস্থান উপেক্ষা করে এমপিরা ভিন্নমত দিয়ে ভোট দিতে পারবেন—এমন একটি প্রস্তাবে বেশিরভাগ দল একমত হয়েছে।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটা স্বাভাবিক বিষয়। প্রধান উপদেষ্টা অন্যান্য দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন। আমরা চাই ডিসেম্বরে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন হোক।

বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে ডা. তাহের বলেন, দূরত্ব বাড়ছে না। বিএনপি তাদের অবস্থান থেকে বলছে, আমরাও আমাদের অবস্থান থেকেই কথা বলছি। সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত