ইরান-ইসরায়েলের চলমানের সংঘাতের মধ্যে ইরানের অনুরোধে বিশেষ বৈঠক ডেকেছে ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি)।
সম্প্রতি তুরস্কে ওআইসি ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ৫১তম অধিবেশন শুরু হয়েছে। নিয়মিত এই অধীবেশনের ফাঁকে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে কূটনীতিক সূত্রের বরাতে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকটি গোপন কক্ষে হবে।
গাজায় ইসরায়েলের হামলা ও ইরানের উত্তেজনার মধ্যে বৈশ্বিক নজর টানার চেষ্টা করছে তুরস্ক।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ওআইসি-র অন্তর্ভুক্ত দেশ হিসেবে তুরস্ক এই সংগঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করে আসছে।
ওআইসির ইতিহাসে কোনো সম্মেলনে এবারই সর্বোচ্চ প্রতিনিধি অংশগ্রহণ করতে যাচ্ছে বলে দাবি করেছে আনাদুলু।
অধিবেশনটিতে প্রায় ১০০০ প্রতিনিধি এতে অংশ নেবে যা পূর্ববর্তী অধিবেশনের তুলনায় রেকর্ডসংখ্যক। এতে অংশ নেবেন ৪৩ পররাষ্ট্রমন্ত্রী ও ৫ জন উপ-মন্ত্রী।
ওআইসি-র সংশ্লিষ্ট সংস্থাগুলো ছাড়াও প্রায় ৩০টি আন্তর্জাতিক সংস্থা— জাতিসংঘ, আরব লীগ, গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি), কৃষ্ণ সাগর অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, ডেভেলপিং এইট (ডি-৮), অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, তুর্কি রাষ্ট্রগুলোর সংগঠন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থা—এই বৈঠকে অংশগ্রহণ করবেন।
