গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে ৯৫ নম্বর মহারাজপুর মৌজার, ৯৬ নম্বর ছোট বনগ্রামের এস এ-১ খতিয়ানের ১৪৩৩, ১৫২ নম্বর দাগের ২৫২ বর্গফুট জমি বাণিজ্যিকভাবে ইজারা নিয়ে, ছোট বনগ্রামের ফারুক মোল্লার ছেলে এস এম নাসির মাহমুদ টিনের ঘর তুলে ব্যবসা করে আসছেন।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বাবা, একই গ্রামের মোতালেব সরদার নাসিরের ঘর ভেঙে, সরকারি জায়গা দখল করে ঘর তুলেছেন। সেই সঙ্গে সরকারি জায়গার অনেক বছরের পুরনো লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কেটে ফেলেন।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোতালেব সরদার জানান, আমার ছেলে ছাত্রদল নেতা, আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।
এ বিষয়ে ছাত্রদল নেতা জাহিদুল সরদারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে চাননি বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন জানান, কারও ব্যক্তিগত দায় দল নেবে না। ঘটনার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সত্য হলে তদন্ত করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি জানার পর ঘটনাস্থলে সার্ভেয়ার নিয়ে মাপ দিয়েছি, এতে ঘর এবং গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই আছে। গাছ জব্দ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার জানান, বিষয়টি আমি জেনেছি, সার্ভেয়ার প্রতিবেদন দিলে ব্যবস্থা নেব।
কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম ইরান: তুলসী গ্যাবার্ড
মাগুরায় গণঅধিকার পরিষদ ছাড়লেন ‘শতাধিক’ নেতাকর্মী