বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ জুন) সকাল সোয়া ৬টার দিকে মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. শহিদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। ওই তথ্যের ভিত্তিতে আজ শনিবার (২১ জুন) ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
এসময় চোরাকারবারী ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ লাখ ২০ বিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
