তবুও বিজয়কে আরেকটু সময় দেওয়ার পক্ষে শান্ত

আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম

টেস্ট দলে সুযোগ পাওয়া যেন মরুভূমিতে একফোঁটা জলের মতো। এনামুল হক বিজয় সেই জল পেয়ে সুযোগটা কাজে লাগাতে পারেননি। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরে এসেছিলেন লাল বলের ক্রিকেটে, করেছিলেন ৩৯ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ৪—ফলাফল হতাশাই।

দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ারে এখনও মাত্র ৭ ম্যাচ খেলেছেন বিজয়। ব্যাট করেছেন ১৩ ইনিংসে, সর্বোচ্চ রান ৩৯, গড় মাত্র ১১। এই পরিসংখ্যান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন—এতদিন পর ফিরে এসে ব্যর্থতার পরও কেন তাকে আরও সুযোগ দেওয়া হচ্ছে?

এই প্রশ্নের জবাব অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে পাওয়া গেল ভরসার সুরেই। গল টেস্টের ড্র শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে অনেক দিন পর দলে এসেছে, দুটো টেস্ট খেলল টানা। আমার মনে হয়, তাকে আরেকটু সময় দেওয়া হলে এবং সবাই যদি তার ওপর আস্থা রাখে, তাহলে সে ভালো করবে। আমার তার ওপর সেই বিশ্বাসটা আছে এবং আমি মনে করি, সে ভালো কিছুই করবে। আমি তার শেষ ৩-৪টা ইনিংস নিয়ে একদমই চিন্তিত না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এনামুলকে নিয়ে সমালোচনা যেমন হচ্ছে, তেমনি তাতে ক্রিকেটারদের মানসিক স্থিতি নিয়েও আলোচনা উঠেছে। সে প্রসঙ্গেও শান্তর বক্তব্য স্পষ্ট ও পরিমিত, ‘খেলোয়াড়দের জন্য এই বিষয়টা হ্যান্ডেল করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা কনটেন্ট তৈরি করে, সেই জায়গাটাতেও একটু শুদ্ধতা দরকার। আমি কী বলছি, সেটা যদি সম্মানের সঙ্গে, সুন্দরভাবে উপস্থাপন করা হয়, তাহলে ভালো। আমি বলছি না সমালোচনা হবে না—হবে, তবে সেটা যদি সম্মানের সঙ্গে হয়, তাহলে সেটা গঠনমূলক হয়ে ওঠে।’

সমালোচনার ভিড়ে তাই শান্তর কণ্ঠেই বাজে একজন অধিনায়কের দায়, দায়িত্ব আর ভরসার প্রতিধ্বনি। অন্তত এখনই এনামুল হক বিজয়ের দরজা বন্ধ করে দিতে রাজি নন তিনি। বরং অপেক্ষা করতে চান—যেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা সময় পেলে হয়তো ফিরে আসবে পুরনো ছন্দে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত