রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাসেল জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারেননি ওই পথচারী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে এখনও তার কোনও স্বজন পাওয়া যায়নি।
