ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার, বিজ্ঞানীদের জানাজা শনিবার

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

ইসরায়েলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, টানা ১২ দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতদের স্মরণে রাজধানী তেহরানে স্থানীয় সময় সকাল ৮টা থেকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। পরে ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার জবাবে ইরানও প্রতিক্রিয়া জানায়। ২৩ জুন ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

১২ দিনব্যাপী চলা এই সংঘাতের মধ্যে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা কার্যকর হয় গতকাল মঙ্গলবার।

ইসরায়েল দাবি করেছে, এই সংঘাতে ইরানের অন্তত ১৪ জন শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। পাশাপাশি ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত