ফুটবলের চেয়েও বড় ও গুরুত্বপূর্ণ কি হামজার কাছে

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৪৮ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু মাঠেই নন, সমাজের প্রতিও তার দায়বদ্ধতা কতটা গভীর। এবার তিনি যুক্ত হলেন বাংলাদেশের শিশুদের জন্য কাজ করা মানবিক সংগঠন LEEDO-এর অ্যাম্বাসাডর হিসেবে এবং যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা Friends of Street Children Bangladesh-এর প্যাট্রন হিসেবেও দায়িত্ব নিয়েছেন।

‎নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় হামজা জানান,

‎"ফুটবলের চেয়েও বড় কিছু আছে, এবং এটা তারই একটি। আমি একজন মুসলমান, একজন বাবা ও একজন বাংলাদেশি — এই তিনটি পরিচয়ের দায় থেকেই আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি।"

‎LEEDO-র কার্যক্রম ঘুরে দেখে হামজা বলেন, তিনি জানতেন না কী দেখতে যাচ্ছেন। কিন্তু যখন তিনি সেখানে পৌঁছান, তখন পথশিশুদের কাছ থেকে যে ভালোবাসা, হাসি আর আলিঙ্গন পেয়েছেন, তা তাকে আবেগে ভাসিয়ে দেয়।

‎এই শিশুরা কঠিন জীবন পার করে এসেছে। তারপরও তারা একচিলতে হাসি নিয়ে হামজাকে স্বাগত জানিয়েছে। এই অভিজ্ঞতাকে 'আরেকটি জীবনের শিক্ষা' হিসেবে উল্লেখ করে হামজা বলেন,

‎ "ভালোবাসা, যত্ন আর মনোযোগ পেলে, প্রত্যেকেই নতুন করে জীবন শুরু করতে পারে।"

‎LEEDO-র অসাধারণ কাজের ভূয়সী প্রশংসা করে হামজা জানান, এই সংগঠনের অ্যাম্বাসাডর হতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবাই একসঙ্গে এগিয়ে এলে পরিবর্তন আনা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত