জুভেন্টাসকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯:৩৩ এএম

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। এই জয়ে চলতি ক্লাব বিশ্বকাপে ‘জি’ গ্রুপের সেরা হয়েছে পেপ গার্দিওলার দল। অবশ্য এই ম্যাচের আগেই দুই দলের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। এবার সিটি দেখাল তাদের শক্তিমত্তা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটে জেরেমি ডোকু এগিয়ে দেন সিটিকে। দুই মিনিট পরই সমতা ফেরায় জুভেন্টাস। ২৬তম মিনিটে আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও সাভিনিয়োর গোলে উড়ে যায় ইতালির ক্লাবটি।

ম্যাচের ৭৭ শতাংশ সময় বল ছিল সিটির নিয়ন্ত্রণে। গোলমুখে ২৪টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে তারা। ইংলিশ ক্লাবটির সামনে ইতালিয়ান দলটিকে স্রেফ অসহায় মনে হয়েছে। শিষ্যদের খেলার ধরণে ভীষণ খুশি সিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে তিনি বলেন, 'যেভাবে আমরা কাজটা করেছি, আমার ভালো লেগেছে। অনেক দিন পর আমরা এত ভালো লেখলাম। বল পায়ে ও বল ছাড়া এমন পারফরম্যান্স অনেক দিন পর করলাম আমরা। ফুটবলাররা দারুণ নিবেদিত ছিল এবং শীর্ষমানের একটি দলকে এভাবে হারিয়ে আমরা খুশি।'

তিনি আরও বলেন, 'যদিও এটা স্রেফ একটিই ম্যাচ। তবে আমার মনে হয়, ভালো একটি দল আসলে কেমন, এই অনুভূতি আবার পেয়েছে ছেলেরা। বিশ্বাসের জন্ম নেয় সবসময় পারফরম্যান্স থেকে, অতীত থেকে নয়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত