আরও ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৫:০৬ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আরও চার দিনের রিমান্ড মঞ্জু করেছেন আদালত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে প্রহসনের নির্বাচন ও অনিয়মের অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরে  নূরুল হুদাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার (২২ জুন) রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে দলটির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান এই মামলা করেন। মামলায় সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হকসহ আরও অনেকে।

মামলার পর রাতেই গ্রেপ্তার হন নূরুল হুদা। এছাড়া একই মামলায় আরেক সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে বুধবার (২৫ জুন) গ্রেপ্তার করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত