‘৯ হাজার রান আর ২৪ সেঞ্চুরি করা বিজয়কে কেন দলে নেব না?’

আপডেট : ২৮ জুন ২০২৫, ০২:৫০ পিএম

ঘরোয়া ক্রিকেটের অঘোষিত ‘রাজা’ এনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত কিনা- এই বিতর্ক চলছে অনেকদিন ধরেই। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের চার ইনিংসে ০, ৪, ০ ও ১৯ রান করায় বিজয়ের সমালোচনা হচ্ছে প্রচুর। তাকে বাদ দেওয়ার দাবিও উঠছে। এমতাবস্থায় বিজয়ের পাশেই দাঁড়িয়েছেন সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কলম্বোয় আজ শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘৯ হাজার (৯০৬৬) প্রথম শ্রেণির রান, ২৪টা সেঞ্চুরি, ৪৯টা ফিফটি করা অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা কেন দলে নেব না? ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল। শেষ কয়েক বছর ধরে আমাদের ওপেনাররা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। জয় (মাহমুদুল), জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে, তারপর দেখা গেছে ওরকম অবদান রাখতে পারেনি।’

শান্ত যতই বলুন না কেন, টেস্টে বিজয় কখনোই ভালো করতে পারেননি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর সব মিলিয়ে ৮ ম্যাচের ১৫ ইনিংসে এখন পর্যন্ত করেছেন মাত্র ১৬২ রান! অথচ এই বিজয়ই গত বছর প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে ৭০০ রানও করেছিলেন। এবারের ডিপিএলেও তিনি ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে গেলেই তিনি চুপসে যান।

বিজয়কে দলে নেওয়ার পেছনে আরও যুক্তি দেখিয়ে শান্ত বলেন, ‘আমরা এ রকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম, যার অনেক রান আছে। যে কি না অভিজ্ঞ একটু এই সংস্করণে। এই চিন্তা করেই দলে তাকে নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে (রান) করতে পারে নাই। দলের জন্য এটা অবশ্যই হতাশাজনক। আমি এখনো বিশ্বাস করি, তার যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সে ভালো কিছু করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু তার ওপর দোষ দেওয়াটা বোকামি হবে, দল হিসেবে আমরা এ ম্যাচটা ভালো খেলি নাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত