শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি এড়িয়ে গেলেন বুলবুল

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। যে প্রক্রিয়ায় তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল, সেটা প্রতিক্রিয়ায় শান্তর এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হলেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গলে প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত টেস্টের নেতৃত্ব ছাড়বেন না বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন বুলবুল। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। আজ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শান্তকে নিয়ে বলেন, ‘এসবের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগ আছে, সেখানে সিলেক্টর আছে। তাদের কাজ এটা। তারা যদি কখনো মনে করে আমাকে কাজে লাগাতে চায় বা জানাতে চায়, সে ব্যাপারে আমি সাহায্য করব। এই ব্যাপারে আমি এখন মন্তব্য করতে পারব না।’

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে টাইগারদের ইনিংস ব্যবধানে হারের বিষয়েও মন্তব্য করতে চাননি বিসিবি সভাপতি, ‘মাত্র খবর পেলাম আমরা হেরে গিয়েছি। যেহেতু আমি এই ম্যাচটা দেখিনি, তাই প্রতিক্রিয়া দিতে পারব না। আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই—আমি বোর্ডের সভাপতি, কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা আমার কাজ না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত